উৎসবের আবহে রাজ্যবাসীর জন্য স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজো ও দীপাবলির দিনগুলিতে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া শুষ্ক এবং মনোরম থাকবে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব কাটিয়ে রাজ্যের আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, ফলে উৎসবের দিনগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় বৃষ্টি হবে না। অন্যান্য জেলাগুলিতে কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও সেখানেও বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। সকালে রোদ থাকলেও সন্ধ্যার দিকে আবহাওয়া আরামদায়ক থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। উত্তরবঙ্গেও বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
তবে উৎসবের পর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। রবিবার নাগাদ কলকাতা ও সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কালীপুজো পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এবং সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজ্যের বাইরে হরিয়ানা, অসম, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।







