আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই বঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বুধবার ভাইফোঁটার দিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশের কারণে সোমবার আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর জেরে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল ৫৬ থেকে ৯৬ শতাংশ।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ ভাইফোঁটার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির বদল ঘটবে এবং বৃষ্টি কমবে। ওই দিন কিছু এলাকায় কুয়াশার সম্ভাবনাও থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল ঘটতে পারে; বৃষ্টি কমার পাশাপাশি নামতে পারে তাপমাত্রার পারদও।







