নতুন প্রজন্মের হাইব্রিড প্রযুক্তি নিয়ে বাজারে একটি বড় মাপের SUV নামানোর প্রস্তুতি নিচ্ছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা Honda। সম্প্রতি সংস্থাটির আসন্ন 'Avancier Hybrid SUV'-এর প্রথম টিজার প্রকাশ্যে আনা হয়েছে। সূত্র অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ ডিসেম্বর গাড়িটির বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিসরে গাড়িটি CR-V মডেলটির উপরে জায়গা পাবে এবং এটি সাত আসনের SUV হতে পারে।
নতুন এই Avancier সম্ভবত থাইল্যান্ডে তৈরি করা হবে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে এটি বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে গাড়িটির উৎপাদন, নির্দিষ্ট বাজারে আত্মপ্রকাশ কিংবা প্রযুক্তিগত বিস্তারিত বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি Honda। উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাপানে একটি স্টেশন ওয়াগন এবং ২০১৬ সালে চিনের বাজারে একটি ক্রসওভার SUV-এর জন্য 'Avancier' নামটি ব্যবহার করেছিল সংস্থাটি। কিন্তু নতুন এই আন্তর্জাতিক মডেলটি পূর্বের গাড়িগুলোর থেকে পুরোপুরি ভিন্ন হতে চলেছে।
টিজারে গাড়িটির সম্পূর্ণ নকশা স্পষ্ট না হলেও বেশ কিছু বৈশিষ্ট্য চোখে পড়েছে। গাড়িটির সামনে সরু LED Daytime Running Lights (DRL) এবং স্প্লিট হেডল্যাম্প ডিজাইন লক্ষ্য করা গিয়েছে। পেছনের অংশজুড়ে থাকা লম্বা LED Light Bar উল্লম্ব লাইটিং উপাদানের সাথে মিশে একটি 'H' আকৃতির আলো তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে Honda-র নতুন কর্পোরেট লোগো এবং 'Avancier' নাম। বক্সি SUV-এর থেকে কিছুটা আলাদা এই গাড়িটির আনুমানিক দৈর্ঘ্য ৪,৯৬০ মিমি, প্রস্থ ১,৯৫০ মিমি এবং উচ্চতা ১,৬৯০ মিমি হতে পারে, যদিও এই পরিমাপ এখনও সংস্থাটি নিশ্চিত করেনি।
টিজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নতুন 'Honda Hybrid' ব্র্যান্ডিং। ধারণ করা হচ্ছে, Honda-র পরবর্তী প্রজন্মের হাইব্রিড প্রযুক্তিযুক্ত প্রাথমিক মডেলগুলোর একটি হবে এই Avancier। সম্ভাব্য পাওয়ারট্রেনে পরিবর্তিত ২.০ লিটারের পেট্রল ইঞ্জিন, একাধিক ইলেকট্রিক মোটর এবং Electric All-Wheel Drive (AWD) ব্যবস্থা থাকতে পারে। আগামী ২০৩০ সালের মার্চের মধ্যে বিশ্বজুড়ে ১৫টি নতুন প্রজন্মের হাইব্রিড মডেল আনার লক্ষ্যের কথা আগেই জানিয়েছিল Honda।






