দিল্লির সোনিয়া বিহারের কাছে যমুনা নদীতে বিপুল পরিমাণে মরা মাছ ভাসতে দেখা যাওয়াকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির পারদ চড়েছে। জলদূষণের জেরে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও তা সম্পূর্ণ নাকচ করেছে দিল্লির বিজেপি সরকার। সরকারের দাবি, তাদের কালিমালিপ্ত করার উদ্দেশ্যে বিরোধীরা বাজার থেকে মরা মাছ কিনে এনে যমুনার জলে ফেলে দিয়েছে।
সোনিয়া বিহারে যমুনার জলে অগণিত মরা মাছ ভেসে থাকার ছবি ও ভিডিও সামনে আসতেই পাড়ে কাক ও পাখির ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, প্রতি বছরই এমন ঘটনা ঘটে। যমুনার তীরে অবস্থিত চামড়ার কারখানার রাসায়নিক ও দূষিত বর্জ্য জলে মেশার কারণেই এই দূষণ ছড়ায়। এ ছাড়া হথনীকুণ্ড ব্যারেজ থেকে জল ছাড়া হলে এই সমস্যা দেখা দেয় বলে তাঁদের বক্তব্য। বুধবার ও বৃহস্পতিবার পর পর দুই দিন একইভাবে নদীতে মরা মাছ ভাসতে দেখা যায়।
অন্যদিকে, সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ‘নমো যমুনা ক্রুজ’-এর উদ্বোধন করেন। অভিযোগ উঠেছে, প্রমোদতরী চালানোর উপযুক্ত করতে নদীর জলে ক্ষতিকর রাসায়নিক স্প্রে করা হয়েছিল। এই ইস্যুতে সরব হয়েছে আম আদমি পার্টি (আপ)। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করে যে, শীলা দীক্ষিতের আমল থেকে যমুনার যে অংশটি পরিষ্কার ছিল, সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে রাসায়নিক ছিটিয়ে লক্ষ লক্ষ মাছ মেরে ফেলা হয়েছে। তবে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিরোধীদের চক্রান্তকেই দায়ী করা হয়েছে।







