কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনিতে প্রায় ১৯ দিন ধরে পানীয় জল সরবরাহ এবং রাস্তার আলো বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন এখানকার প্রায় ৫০০ পরিবার। পরিষেবা বন্ধ থাকার পাশাপাশি কলোনি থেকে উচ্ছেদ করার মৌখিক হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বস্তির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
স্থানীয় অধিবাসীদের দাবি, রবিবার রাতে নর্থ পোর্ট থানার এক পুলিশ কর্মকর্তা এলাকায় এসে বস্তি খালি করে দেওয়ার কথা বলেন। এরপর সোমবার সকালে কলোনির দুই দিকের রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় এবং বুলডোজার এনে উচ্ছেদ চালানো হবে বলে বাসিন্দাদের জানানো হয়। যদিও সোমবার বিকেলের দিকে পুলিশ গার্ডরেল সরিয়ে নেয়, তা সত্ত্বেও আতঙ্ক কমেনি।
ঘটনাটি সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টিগোচর করা হয়। আইনজীবী শামিম আহমেদ জানান, মামলাটি হাইকোর্টে পেশ করার পর আদালত জানিয়েছে যে, মঙ্গলবার নগর দায়রা আদালতে মামলাটির শুনানি না হলে হাইকোর্ট তা বিচার করবে। পাশাপাশি বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় পুলিশ যাতে উচ্ছেদ না চালায়, সে জন্য নর্থ পোর্ট থানায় চিঠি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বাসিন্দাদের অভিযোগ, এই কলোনির বেশিরভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাঁদের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। পুরসভা ও প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি। সিটি সিভিল কোর্টে মামলা চলা সত্ত্বেও পুলিশ অনবরত বস্তি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে বলে দাবি কলোনিবাসীর।







