কালীপুজো ও দীপাবলির রাতে কলকাতা জুড়ে দেদার ফাটল শব্দবাজি। নিষিদ্ধ বাজির প্রকোপে শহরবাসীর নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়। এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, বাজি ফাটানোর এই তীব্র তাণ্ডব কখন শেষ হবে এবং তিনি ঘুমাতে পারছেন না। তবে পোস্ট করার কিছু পরেই তিনি সেটি ফেসবুক থেকে মুছে দেন।
উৎসবের আবহে বাজি সংক্রান্ত যাবতীয় নিয়মকে উপেক্ষা করায় শহরের বিভিন্ন হাসপাতালের রোগীদের শারীরিক অবস্থা চরম সংকটে পড়ে। শব্দদূষণের প্রকৃত মাত্রা যাচাই করতে যন্ত্রপাতি নিয়ে রাস্তায় নামেন 'সবুজ মঞ্চ' সংগঠনের প্রতিনিধিরা। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সংগঠনের সদস্যরা পৌঁছান বিসি রায় শিশু হাসপাতালে। সেখানে পরীক্ষা চালিয়ে তাঁরা লক্ষ্য করেন, নির্ধারিত মাত্রার তুলনায় শব্দের তীব্রতা অনেকটাই বেশি।
সংগঠনের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য জানান:
"প্রথম এবং প্রাধান্য যে বিষয়টাকে আমাদের দিতে হবে সেটা হচ্ছে আমরা সাইলেন্ট জোনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার অ্যাম্বিয়েন্ট নয়েজ দেখা যাচ্ছে, ৭৬.২। অর্থাৎ, অনেকটাই উপরে। সর্বোচ্চ পাচ্ছি যেটা ৯২.৮।"
পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত। তিনি জানান, হাসপাতালের মতো সাইলেন্স জোনে যেখানে শব্দের মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবেলের মধ্যে থাকা উচিত, সেখানে তা পৌঁছে গিয়েছে ৮০ থেকে ৯০ ডেসিবেলে।
"সাইলেন্স জোন বলল নাকি ৩০০ মিটার...১০০ মিটারের মধ্যে...৩০০ মিটার তো অনেক দূর। সাইলেন্স জোনে এই আওয়াজ, ভাবা যাচ্ছে না। ৮০-৯০ এরকম থাকছে, যেখানে ৪০-৪৫-৫০ থাকার কথা। বারবার বলি, কিছু না পারলে অন্তত হাসপাতালগুলোকে...।"
উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী পরিবেশবান্ধব সবুজ বাজির শব্দসীমা সর্বোচ্চ ১২৫ ডেসিবেল এবং আলোর বাজির ক্ষেত্রে তা ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছিল। অগ্নি নির্বাপক লাইসেন্স ছাড়া ফানুস ওড়ানো নিষিদ্ধ ছিল এবং স্কুল, হাসপাতাল বা বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষেধ ছিল। এই নির্দেশ অমান্য করার দৃশ্য দেখা যায় আর জি কর হাসপাতালেও। সেখানে সবুজ মঞ্চের প্রতিনিধিরা পৌঁছে দেখেন যে হাসপাতাল চত্বরে ছাত্ররা বাজি ফাটাচ্ছেন। তবে সংগঠনের সদস্যদের দেখতে পেয়েই তাঁরা সেখান থেকে সরে যান। এছাড়া কালীপুজোর রাতে গোটা রাজ্যের একাধিক জায়গা থেকেই নিয়ম ভেঙে শব্দবাজি পোড়ানোর বিস্তর নালিশ এসেছে।







