বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই আগামী ডিসেম্বর মাসে নিজের দেশে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনি পরামর্শদাতার তরফে এই মর্মে একটি চিঠি জমা দেওয়া হয়েছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর দেশত্যাগের পর এই প্রথম তিনি এমন কোনও পদক্ষেপ করলেন।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স আবেদন জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। সেই কারণেই আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করে তাঁকে যাতে অবিলম্বে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়া হয়, সেই আরজি জানানো হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, চিঠিটি ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে হাসিনার এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে শাসক দল বিএনপি। বাংলাদেশের বিদেশ বিভাগের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানান, হাসিনা একাধিক হত্যা মামলায় অভিযুক্ত এবং পলাতক সন্ত্রাসী। ফলে তাঁকে সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট প্রদানের প্রশ্ন ওঠে না। অন্যদিকে, পূর্বতন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেছেন, যাঁর প্রত্যর্পণ চাওয়া হয়েছে এমন কোনও সাজাপ্রাপ্ত ব্যক্তি নতুন পাসপোর্ট নিয়ে ফিরতে পারেন না, তাঁকে অপরাধী হিসেবেই ফিরতে হবে। পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জমা পড়া আবেদনটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।







