হাওড়ার তেলকল ঘাটে গাছের দীর্ঘায়ু প্রার্থনা করে 'বোনফোঁটা'র আয়োজন করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ভাইফোঁটার পরের দিন সকালে নাগা বাবার আশ্রমে একটি বটগাছকে ফুলের মালায় সাজিয়ে চন্দনের ফোঁটা দেন মহিলা পরিবেশকর্মীরা।
অনুষ্ঠানে মহিলা পরিবেশকর্মীরা শাঁখ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগের ফলে গোটা এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন আরও দৃঢ় করতে এবং গাছ কাটা ও জলাশয় ভরাট বন্ধের বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সুভাষ দত্ত।
একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার তরুণী চিকিৎসক 'অভয়া'কে স্মরণ করা হয়। সুভাষ দত্ত বলেন, এই বোনফোঁটার মাধ্যমে নিহত চিকিৎসককে স্মরণ করার পাশাপাশি দেশে দ্রুত ও সঠিক বিচারের দাবি জানানো হচ্ছে। সাধারণ মানুষ চান বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত হোক।







