১২৫ দিনের কাজ প্রকল্পের পারফরম্যান্সে দেশের মধ্যে তলানিতে রয়েছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পে কাজের গতি ফেরাতে এবার সরাসরি প্রশাসনিক তদারকিতে নামছেন মুখ্যমন্ত্রী। জেলা বা রাজ্যস্তরের আলোচনার গণ্ডি পেরিয়ে আগামী ৪ নভেম্বর ব্লক স্তরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। বিধাননগরের পঞ্চায়েত ভবন থেকে সকাল ১১টায় এই ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার কথা।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার কথা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং পঞ্চায়েত ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের। প্রশাসনিক সূত্রে খবর, প্রকল্প রূপায়ণে কোথায় প্রশাসনিক বা পরিকাঠামোগত বাধা রয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কাজ কেন এগোচ্ছে না, তা ব্লক উন্নয়ন আধিকারিকদের (বিডিও) থেকে সরাসরি জেনে নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্যপূরণ ও নতুন প্রকল্পের পরিকল্পনা
চলতি অর্থবর্ষে রাজ্যে ৩০ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত মাত্র ৫০ লক্ষ শ্রমদিবস তৈরি করা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে কাজের গতি বৃদ্ধি করাই বৈঠকের প্রধান লক্ষ্য।
পাশাপাশি ১২৫ দিনের কাজের আওতায় নতুন কিছু প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য নির্দিষ্ট এসওপি (SOP) প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত কাজের তালিকায় রয়েছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণ, আদর্শ পঞ্চায়েত ভবন নির্মাণ ও পুকুর খনন। বিভিন্ন দফতরের প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে ‘ভিবি-গ্রামজি’-র আওতায় এই কাজগুলি বাস্তবায়ন করা হবে।







